কালবেলা · সাধারণ
বাঁশখালীতে কমিউনিটি আই ক্যাম্প, সেবা পেলেন ৬ শতাধিক মানুষ
২৫/১০/২০২৬

চট্টগ্রামের বাঁশখালীতে কমিউনিটি আই ক্যাম্প, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ ও পুনর্বাসন সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ছয় শতাধিক গ্রামবাসী বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেন।
লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি ও লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির উদ্যোগে এবং সালমা-আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় সম্প্রতি হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, কর্মসূচির অংশ হিসেবে চক্ষুসেবা ক্যাম্পে চোখের প্রাথমিক চিকিৎসা, ছানি রোগী শনাক্তকরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং চশমা বিতরণ করা হয়। ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করে লায়ন্স চ্যারিটেবল আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, চট্টগ্রাম। পাশাপাশি বৃক্ষরোপণ এবং শৈশবকালীন ক্যানসার, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও খোসপাঁচড়া বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
পুনর্বাসন সহায়তার আওতায় অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ, জীবিকার জন্য গবাদিপশু বিতরণ, আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান এবং বাড়িঘর মেরামত ও পুনর্নির্মাণে ঢেউটিন বিতরণ করা হয়। এ ছাড়া সুবিধাবঞ্চিত পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা এবং ধর্মীয় শিক্ষার প্রসারে পবিত্র কোরআন শরিফ, হাফেজদের পাগড়ি ও রিহাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪-এর গভর্নর মোহাম্মদ কামরুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কামরুজ্জামান লিটন বলেন, ‘মানুষের কল্যাণে লায়ন্স সদস্যরা বিশ্বজুড়ে কাজ করছেন। ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব ও সালমা-আদিল ফাউন্ডেশনের এ উদ্যোগ অন্যদেরও মানবিক সেবায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।’
কর্মসূচিতে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটির সভাপতি সালমা আদিল। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা, আবাসন ও জীবিকার সুযোগ সৃষ্টি করে অসহায় মানুষকে স্বাবলম্বী করে তোলাই তাদের লক্ষ্য। এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে লায়ন্স ও লিও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗