বলিউডের অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপল সাইফ আলী খান এবং করিনা কাপুর খান। দেখতে দেখতে তাদের বিবাহিত জীবনের ১৪টি বছর পার হয়ে গেছে। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে সম্প্রতি জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র মঞ্চে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। আর সেখানেই সাইফ ফাঁস করে দেন করিনার এমন এক অদ্ভুত রাতের অভ্যাসের কথা, যা এখন নেটদুনিয়ায় বেশ আলোচনায় রয়েছে।
সম্প্রতি এই শোয়ের একটি প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে হোস্ট কপিল শর্মা তাদের ১৪ বছরের সংসার জীবন এবং তারুণ্য ধরে রাখার রহস্য সম্পর্কে জানতে চান। উত্তরে করিনা জানান যে তাদের বাড়িতে প্রচুর পরিমাণে ঘি খাওয়া হয়। কিন্তু তখনই মাঝপথে সাইফ মজা করে বলে ওঠেন, ও শুধু ঘি খায় না, রাতে শোয়ার সময় পায়েও ঘি মাখে। করিনাও সেই কথা স্বীকার করে জানান যে এটি ত্বকের পক্ষে বেশ উপকারী।
এরপর হাসির ছলে সাইফ একটি রাতের মজার অভিজ্ঞতার কথা দর্শকদের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, ভাবুন তো, কী দারুণ একটা রোমান্টিক পরিবেশ, অথচ আমাদের বেডরুম থেকে রাতেরবেলা ধাবার মতো গন্ধ বেরোচ্ছে। সাইফের এই রসাত্মক মন্তব্যে স্টুডিওর সবাই হেসে লুটিয়ে পড়েন। এমনকী করিনাও হাসি ধরে রাখতে পারেননি। শোয়ে উপস্থিত অর্চনা পুরন সিংকে নিয়েও এরপর নানা রসিকতা করেন কপিল।
২০১২ সালের ১৬ অক্টোবর বান্দ্রায় সাইফের বাসভবনে একেবারে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জুটি। ‘তশন’ সিনেমার সেটে শুরু হওয়া এই প্রেমের সম্পর্ক আজ ১৪ বছর পূর্ণ করেছে। বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন তারা। এই দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে, যাদের নাম তৈমুর ও জেহ।
কাজের ক্ষেত্রে, করিনাকে সম্প্রতি মেঘনা গুলজারের ক্রাইম থ্রিলার ছবি ‘দায়রা’য় পৃথ্বীরাজ সুকুমারনের বিপরীতে দেখা গেছে। অন্যদিকে, সাইফ সম্প্রতি প্রিয়দর্শন পরিচালিত ‘হেওয়ান’ ছবিতে অক্ষয় কুমার, বোমান ইরানি ও সাইয়ামি খেরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।
সূত্র: নিউজ১৮
