মদিনার মসজিদে নববিতে অবস্থিত রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের নতুন অনুমতি পেতে আগের অনুমতি নেওয়ার পর ৩৬৫ দিন অপেক্ষা করতে হবে। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় এ নিয়মের কথা জানিয়েছে।
সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রিয়াজুল জান্নাতে প্রবেশের অনুমতি নিতে হবে নুসুক অ্যাপের মাধ্যমে। নির্ধারিত ৩৬৫ দিন পূর্ণ হলে নতুন অনুমতির জন্য আবেদন করা যাবে। তবে অনুমতি পাওয়া নির্ভর করবে আবেদনকারীর যোগ্যতা ও অ্যাপে নির্ধারিত সময়ের স্লট খালি থাকার ওপর।
রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করতে আগ্রহীদের নুসুক অ্যাপে প্রবেশ করে অনুমতির জন্য আবেদন করতে হবে। সেখানে পাওয়া তারিখ ও সময়ের মধ্য থেকে উপযুক্ত স্লট নির্বাচন করা যাবে। নির্ধারিত সময় পার হলেই যে নতুন অনুমতি নিশ্চিতভাবে পাওয়া যাবে, বিষয়টি এমন নয়; অনুমোদন ও সময়ের প্রাপ্যতা বিবেচনায় নেওয়া হবে।
তবে মসজিদে নববির আশপাশে অবস্থানরতদের জন্য ‘ইনস্ট্যান্ট ট্র্যাক’ বা তাৎক্ষণিক বুকিং সেবাও রয়েছে। এ ব্যবস্থায় নুসুক অ্যাপের মাধ্যমে রিয়াজুল জান্নাতে প্রবেশের অনুমতি চাওয়া যায়। তবে এ ক্ষেত্রেও যোগ্যতা ও স্লটের প্রাপ্যতা প্রযোজ্য।
মসজিদে নববিতে আগত মুসল্লিদের ভিড় ও প্রবেশব্যবস্থা সুশৃঙ্খল রাখতে অনুমতিভিত্তিক এ ব্যবস্থা চালু রয়েছে। তাই মদিনা সফরের পরিকল্পনা করার সময় রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের অনুমতি ও সময়সূচি আগেভাগে নুসুক অ্যাপে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
-দ্য ইসলামিক ইনফরমেশন অবলম্বনে
