বায়ার্ন মিউনিখের কোচ ভেঁসো কম্পানি মনে করেন, কিছু জায়গায় আরেকটু ভালো করলেই সেরা রূপে ফিরবে তার দল।
Published : 16 Oct 2026, 07:43 PM
Updated : 16 Oct 2026, 07:43 PM
মৌসুমে এখনও কোনো ম্যাচ হারেনি বায়ার্ন মিউনিখ। তবে সবশেষ দুই ম্যাচে জিততে না পারায় তাদের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। এ নিয়ে অবশ্য উদ্বিগ্ন নন ভেঁসো কম্পানি। জার্মান চ্যাম্পিয়নদের কোচের বিশ্বাস, সেরা চেহারার খুব কাছাকাছি আছে তার দল।
বুন্ডেসলিগায় সবশেষ ম্যাচে আউক্সবুর্কের বিপক্ষে ২-২ ড্র করে বায়ার্ন। সেদিন অভিজ্ঞ গোলরক্ষক মানুয়েল নয়ারের হাস্যকর ভুলে ম্যাচের আট সেকেন্ডে গোল হজম করে তারা। বুন্ডেসলিগার ইতিহাসে যা দ্রুততম গোল।
এরপর গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নরওয়ের ক্লাব ভাইকিংয়ের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর, শেষ পর্যন্ত ৩-৩ ড্র করে বায়ার্ন।
ওই দুই ম্যাচে বায়ার্নের পারফরম্যান্স প্রত্যাশার ধারেকাছেও ছিল না। সুযোগ নষ্ট করার পাশাপাশি রক্ষণভাগেও নড়বড়ে ছিল তারা। লিগ ম্যাচে শনিবার লাইপজিগের মুখোমুখি হবে বায়ার্ন। আগের দিন সংবাদ সম্মেলনে কম্পানি বলেন, কিছু জায়গায় আরেকটু ভালো করতে হবে তাদের।
“আমরা আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই। এই দুই ম্যাচের ফলাফল নিয়ে মানুষের যে ধারণা, তার আড়ালে আরও কিছু কাজ করছে বলে আমাদের মনে হয়। তবে আমার বিশ্বাস, নিজেদের সেরা রূপ দেখানোর খুব কাছাকাছি আমরা।
“শেষ দুই ম্যাচে আমরা গোলের উদ্দেশ্যে ৫০টি শট নিয়েছি। কয়েকটি জায়গায় আরও ভালো করতে পারলে নিজেদের সেরা পারফরম্যান্স থেকে খুব বেশি দূরে থাকব না আমরা।”
সামনে ব্যস্ত সূচি অপেক্ষা করছে বায়ার্নের জন্য। অক্টোবরের বাকি ১৫ দিনে পাঁচটি ম্যাচ খেলবে তারা। লাইপজিগের বিপক্ষে ম্যাচের পর চ্যাম্পিয়ন্স লিগে ২১ অক্টোবর আর্সেনালের মুখোমুখি হবে তারা। তিন দিন পর বুন্ডেসলিগায় খেলবে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ফ্রাইবুর্কের বিপক্ষে।
জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডে আগামী ২৮ অক্টোবর ম্যাগডেবুর্কের মুখোমুখি হবে বায়ার্ন। এর দুই দিন পর বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে লিগ ম্যাচ খেলবে তারা।
সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, ভালো করেই জানেন কম্পানি। তবে এটাকে নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন তিনি।
“কিছু মানুষের চোখে এই মুহূর্তগুলো কঠিন মনে করতে পারে, তবে আমরা মনে করি, এগুলো ক্যারিয়ারের সেরা মুহূর্ত। এই ম্যাচগুলো জিততে পারলে স্মরণীয় কিছু মুহূর্ত তৈরি করা যায়।
“আমরা প্রস্তুত ও অনুপ্রাণিত… সেরাদের বিপক্ষে নিজেদের যাচাই করতে এই ম্যাচগুলোর জন্য আমরা মুখিয়ে আছি। প্রতিটি অনুশীলন সেশনে ছেলেরা নিজেদের সর্বোচ্চ সীমায় পৌঁছানোর চেষ্টা করছে, যা দেখতে ভালো লাগে। তারা জানে, এখন মাঠে নিজেদের প্রমাণ করার সময়।”
বুন্ডেসলিগায় এখন তিন নম্বরে আছে বায়ার্ন। ১৩ পয়েন্ট নিয়ে প্রথম দুই স্থানে থাকা ফ্রাইবুর্ক ও ডর্টমুন্ডের চেয়ে দুই পয়েন্ট কম তাদের।
