২৪ অক্টোবর থেকে বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা, পাসপোর্টধারীদের যাতায়াত চালু থাকবে
দিনাজপুর প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা সাত দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। তবে এ সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
শনিবার রাতে হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন এ তথ্য বাসসকে নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন চিঠির মাধ্যমে বাংলাদেশের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
শাহিনুর ইসলাম শাহিন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ও পরিবহন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দর বন্ধ থাকায় সব মিলিয়ে টানা সাত দিন বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। ২৪ অক্টোবর শনিবার থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে, বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন।
তিনি বাসসকে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতে পারবেন।
ফলে দুর্গাপূজা উপলক্ষে পণ্য আমদানি-রপ্তানি সাময়িকভাবে বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে বৈধ যাত্রী চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

