গত রবিবার আচমকা টাইগার শ্রফের উপর বন্দুকবাজদের হামলায় কেঁপে উঠেছে মায়ানগরী। নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। টাইগার শ্রফ নয়। শুটারদের আসল লক্ষ্য ছিল আরও বড় কোনও ফিল্ম তারকা। বিস্ফোরক তথ্য উঠে এসেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জেরায়। এই ঘটনায় বেশ আতঙ্কিত মায়ানগরী। এহেন পরিস্থিতিতে দিল্লিতে বাতিল করা হল দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট।
আগামী ৩০ অক্টোবর জওহরলাল নেহরু স্টেডিয়ামে তাঁর কনসার্ট হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে দিল্লি পুলিশ এই অনুষ্ঠানের অনুমতি দেয়নি। এই অনুষ্ঠান পরবর্তীতে আর অনুষ্ঠিত হবে কিনা তা নিয়েও একটা সংশয় তৈরি হয়েছে। কনসার্টের ভবিষ্যৎ নিয়ে আয়োজকদের পরবর্তী ঘোষণার অপেক্ষায় রয়েছেন দিলজিতের অনুরাগীরা।
জানা যাচ্ছে, দিল্লি পুলিশের দক্ষিণ জেলার ডেপুটি কমিশনারের দপ্তর থেকে বুক মাই শোকে একটি চিঠি পাঠানো হয়েছে। অনুমতির আবেদন পর্যালোচনা করার পর তা নাকচ করে দিয়েছে বলেই খবর। হুমকি সংক্রান্ত তথ্যের উল্লেখ থেকে নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের অতিরিক্ত দায়িত্বের প্রসঙ্গটিও চিঠিতে উত্থাপন করা হয়েছে। যদিও সেগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।
পুলিশের অনুমতি না মেলায় অনুষ্ঠানটি আদৌ হবে কি না, তা নিয়ে দানা বাঁধছে প্রশ্ন। যাঁরা ইতিমধ্যেই কনসার্টে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে, তা বললে অত্যুক্তি হবে না। নিরাপত্তাজনিত কারণেই দিল্লি পুলিশ এই সিদ্ধান্ত নিলেও পুনর্বিবেচনার জন্য আয়োজকরা আবেদন করেছেন কি না বা অন্য কোনও বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
টিকিটের টাকা ফেরত দেওয়া হবে? অনুষ্ঠানের জন্য পরবর্তীতে অন্য় কোনও দিন বা ভেন্যু নির্ধারিত করা হবে? যাঁরা ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছেন তাঁদের মনে আপাতত ঘুরপাক খাচ্ছে এধরনের নানান প্রশ্ন। আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। তাহলে বিশ বাঁও জলে দিলজিতের দিল্লির কনসার্ট? আয়োজকদের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না করা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আপাতত দিলজিৎ ভক্তদের কাছে আর কোনও উপায় নেই।
