দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন।
বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে এসব রোগী ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে। এর মধ্যে অক্টোবরের প্রথম ২০ দিনেই মারা গেছেন ১১৯ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৯০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৩৪০ জন। এ নিয়ে এ বছর মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৬৫৬ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬০২ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশালে ২২৫ জন, চট্টগ্রামে ১৯৭ জন, খুলনায় ১৫৫ জন, রাজশাহীতে ১১১ জন, ময়মনসিংহে ৪৫ জন, রংপুরে ২৮ জন এবং সিলেটে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
