মানুষের জীবনে আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামতের মধ্যে সবচেয়ে মূল্যবান নিয়ামত হলো সন্তান। সন্তান শুধু এক টুকরো মাংসের অবয়ব নয়, এ এক হৃদয়ের অংশ, আত্মার প্রতিচ্ছবি। মা-বাবার জীবনে সন্তানের আগমন শুধু আনন্দের নয়, এটি এক মহান দায়িত্ব এবং এক বিশাল আমানতও।
মহান আল্লাহ তায়ালা স্বভাবতই মানুষের মনে সন্তানদের প্রতি ভালোবাসা, স্নেহ ও দয়ার অনুভব সৃষ্টি করে দেন। এই অনুভব কোনো দুনিয়াবি লাভ-ক্ষতির হিসেবের উপর নির্ভর করে না; এটি আত্মিক এবং আধ্যাত্মিক।
কোরআনুল কারিমে আল্লাহ তায়ালা বলেন, ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের শোভা। (সুরা কাহফ: ৪৬)
এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, সন্তান দুনিয়ার এক সৌন্দর্য। কিন্তু এই সৌন্দর্য শুধু দেখার নয়, একে সংরক্ষণ করতে হয়, লালন-পালন করতে হয়, সুপথে পরিচালিত করতে হয়। হাদিস শরিফেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার সন্তানদের প্রতি দায়িত্বশীলতার কথা বলেছেন। তিনি তাদের প্রতি দয়া করতে বলেছেন। এ ছাড়া তাদের শিক্ষাদানের প্রতি গুরুত্বারোপ করে উত্তম চরিত্রবান হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করেছেন।
বাংলাদেশের ধর্মভীরু সমাজে সন্তানকে ঘিরে আবেগ ও ভালোবাসা এক অসাধারণ মাত্রায় পৌঁছায়। মা-বাবারা সন্তানের জন্য যা করতে পারেন, তার কোনো পরিসীমা নেই। সন্তান যেন সব বিপদ-আপদ, রোগ-শোক, কুদৃষ্টি বা বদনজর থেকে রক্ষা পায়- এটাই অভিভাবকদের অন্তরের প্রার্থনা। এ কারণেই আমাদের সমাজে বহুদিন ধরেই কিছু প্রচলিত রীতিনীতি চলে আসছে, যেগুলোর উদ্দেশ্য মূলত সন্তানকে অদৃশ্য ক্ষতি থেকে রক্ষা করা।
তারই একটি প্রচলিত অভ্যাস হলো, শিশুর কপালে কালো টিপ দেওয়া। অনেকে বিশ্বাস করেন, এটি শিশুকে ‘বদনজর’ বা হিংসুক চোখের কুদৃষ্টি থেকে বাঁচায়। কিন্তু প্রশ্ন হলো, ইসলামের দৃষ্টিতে এই কাজটি কতটা বৈধ? এটি কি একটি সহিহ আমল, নাকি কুসংস্কার?
বিশেষজ্ঞ আলেমদের দাবি, শিশুকে বদনজর থেকে রক্ষায় তার সৌন্দর্য কমানোর উপায় হিসেবে কপালে কালো টিপ দেওয়া নাজায়েজ নয়। একবার হজরত ওসমান (রা.) একটি সুদর্শন শিশুকে দেখে বললেন, তার চিবুকে একটি কালো দাগ দিয়ে দাও, যাতে তার ওপর অশুভ দৃষ্টি না পড়ে। (শরহুস সুন্নাহ লিলবাগাবী : ১২/১৬৬)
তবে কালো টিপের কোনো অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করা যাবে না। এটাকে লাভ-ক্ষতির চিহ্ন মনে করা যাবে না। কোনো রকম অলৌকিক ক্ষমতায় বিশ্বাস থেকে কালো টিপ লাগালে তা নাজায়েজ ও গর্হিত পাপ হবে।
প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ এক প্রশ্নের উত্তরে (ইউটিউবে) বলেন, রাক্ষুসে ভাব নিয়ে যদি কেউ কারোর দিকে তাকায়, তাহলে এই তাকানোর ফলে অনেক সময় সূক্ষ্ম ক্ষতি হয়। যেটা আমরা বুঝতে পারি না। টেরও পাই না। কিন্তু হাদিসের বর্ণনায় বোঝা যায়, মানুষ রাক্ষুসে বা হিংসাত্মক নজর দিয়ে তাকালে কোনো বস্তু বা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু এসব থেকে বাঁচার জন্য কালো টিপ পরা যাবে না।
তিনি বলেন, শিশুর সৌন্দর্য বৃদ্ধির জন্য কালো টিপ দিতে পারেন। কিন্তু কালো টিপ পরলে বদনজর থেকে রক্ষা পাবে— এই বিশ্বাস থেকে টিপ দেওয়া যাবে না। এটা কুসংস্কার।
শিশুকে বদনজর থেকে রক্ষার সুন্নত পদ্ধতি হলো, বিভিন্ন দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান-হোসাইনের জন্য মহান আল্লাহর কাছে বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করে দোয়া করতেন।
