সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে দানবাক্সের টাকা গণনা শেষে ফেরার সময় জুতা খুঁজে পাননি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দানবাক্সের হিসাব ঘোষণা শেষে মাজার প্রাঙ্গণ থেকে তাঁকে জুতা ছাড়াই ফিরতে দেখা যায়।
শনিবার সকাল থেকে মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু হয়। দিনভর গণনা শেষে সন্ধ্যার দিকে আনুষ্ঠানিকভাবে সংগৃহীত অর্থের হিসাব ঘোষণা করেন জেলা প্রশাসক। এরপর ফেরার সময় নিজের জুতা খুঁজে না পেয়ে তাঁকে খালি পায়ে ফিরে যেতে দেখা যায়।
কড়া নিরাপত্তার মধ্যে মাজার প্রাঙ্গণে জেলা প্রশাসকের জুতা হারানোর এ ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে জুতাটি চুরি হয়েছে, নাকি অন্য কোনো কারণে পাওয়া যায়নি, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, ৩৫ দিন পর শনিবার শাহজালাল মাজারের দানবাক্স খোলা হয়। এবার পঞ্চম দফায় গণনা শেষে পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। এ নিয়ে পাঁচ দফায় দানবাক্সে জমা হওয়া নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা। এ ছাড়া সর্বশেষ গণনায় স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।
শেয়ার করুন

