সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০০-এর বেশি যাত্রী ও বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি নিহতদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ, আহতদের বিনা মূল্যে চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি মানবিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে।
সোমবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান এসব দাবি জানান।
শোকবার্তায় তারা বলেন, ‘আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি সম্পূর্ণ বেসামরিক নাগরিক স্থাপনায় এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি আন্তর্জাতিক আইন, মৌলিক মানবাধিকার এবং মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন। নিরীহ মানুষের ওপর এ জাতীয় সন্ত্রাসী হামলা বিশ্ববিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে।’
হেফাজতের নেতৃদ্বয় নিহত দুই বাংলাদেশিসহ সব ভুক্তভোগীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন তারা।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, হামলার ভয়াবহতা ও হতাহতদের মানবিক দিক বিবেচনায় নিহত বাংলাদেশি নাগরিকসহ সব ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সৌদি সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে অবিলম্বে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আহত ব্যক্তিদের সম্পূর্ণ বিনা মূল্যে সর্বাধুনিক চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি মানবিক সহায়তা দিতে হবে।
নিহত বাংলাদেশিদের মরদেহ পরিবারের ইচ্ছা অনুযায়ী দ্রুত দেশে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে দাফন অথবা প্রবাসেই যথাযথ মর্যাদায় দাফনের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তারা। নিহতদের পরিবারগুলো যেন প্রাপ্য আইনগত পাওনা ও ক্ষতিপূরণ যথাযথভাবে পায়, সে জন্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে দ্রুত ও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান হেফাজতের নেতারা।
একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং বিমানবন্দরসহ যেকোনো বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা চিরতরে বন্ধে জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তাঁরা।
শোকবার্তার শেষাংশে নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যসহ সমগ্র বিশ্বে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য দোয়া করেন।
