পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে সরকারি সার পাচারের সময় ১২০ বস্তা বাংলা ড্যাপ (DAP) সারসহ একটি মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ‘নুরনবী এন্টারপ্রাইজ’ নামের এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা, সার বিক্রি নিষিদ্ধ এবং ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে বোদা উপজেলার সাতখামার এলাকায় অবস্থিত বিসিআইসি অনুমোদিত সার ডিলার নুরনবী এন্টারপ্রাইজের গোডাউন থেকে ১২০ বস্তা ড্যাপ সার একটি মাহিন্দ্রা গাড়িতে লোড করে পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলায় পাচার করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় সাবেক কাউন্সিলরসহ এলাকাবাসী গাড়িটি হাতেনাতে আটকে দেন। পরে উপজেলা কৃষি কর্মকর্তা ও বোদা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সারসহ গাড়িটি জব্দ করে।
মঙ্গলবার দুপুরে তদন্ত শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. রবিউল ইসলাম। সরকারি সার অবৈধভাবে পাচারের দায়ে তিনি নুরনবী এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ওই ডিলারের সার বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে তার লাইসেন্স বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়। জব্দ করা ১২০ বস্তা সার পরবর্তীতে স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ ও সহকারী কৃষি কর্মকর্তা রঞ্জু ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম জানান, কৃষকদের সার নিয়ে যেকোনো কারচুপি বা কালোবাজারির বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকারি নিয়ম লঙ্ঘন করে একই পরিবারের নিয়ন্ত্রণে 'নুরনবী এন্টারপ্রাইজ' ও 'তানিম এন্টারপ্রাইজ' নামে দুটি ডিলারশিপ দেওয়া হয়েছে। নীতিমালার বাইরে গিয়ে এক পরিবারকে দুটি ডিলারশিপ দেওয়ায় স্থানীয় সচেতন মহল ও কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জেএইচআর
