Published on
:
1 min read
এই সময়, ক্যানিং: ক্যানিং থানার তালদিতে সিপিএমের দলীয় অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নাম জড়াল বিজেপির। হামলার ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।শনিবার সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় জড়ো হতে শুরু করেন সিপিএমের কর্মী–সমর্থকরা।
সিপিএমের অভিযোগ, শুক্রবার গভীর রাতে একদল দুষ্কৃতী তালদি এলাকায় থাকা সিপিএমের ওই দলীয় অফিসের তালা ভেঙে ভিতরে ঢোকে। তারপরে অফিসের ভিতরে থাকা টিভি, ফ্যান এবং বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। চারটি ফ্যানও খুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। ছেঁড়া হয় দলীয় পতাকা। পতাকা তোলার স্ট্যান্ডও ভেঙে দেওয়া হয়। শনিবার এ নিয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন সিপিএম নেতৃত্ব। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে সিপিএমের রাজ্য নেতা তুষার ঘোষ বলেন, ‘আমাদের দলীয় অফিসে রাত ৯টা পর্যন্ত দলের কর্মীরা ছিলেন। তারপরে সবাই বাড়িতে চলে যান। রাতের অন্ধকারে বিজেপির লোকজন অফিসে ঢুকে ভাঙচুর চালায়।’ যদিও এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা সঞ্জয় নায়েক বলেন, ‘সিপিএম নিজেদের দলীয় অফিস নিজেরাই ভেঙেছে। অহেতুক দোষারোপ করে প্রচারের আলোয় আসতে চাইছে। সিপিএম, তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে এলাকায় অস্থিরতা তৈরি করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।’
