নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদল সভাপতি জহির ফকিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ১০টায় সোনারগাঁও উপজেলার চরহোগলা গ্রামে নিজ ফার্মেসি থেকে বাড়ি যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া
ইউনিয়নের খালিয়ারচর গ্রামের আব্দুল রহমান মাতব্বরের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গত বুধবার রাতে ১০-১২ জন জহির ফকিরের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগ্নে ইসমাইল ও বিল্লাল হোসেন জানান, আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীতা নিয়ে তার প্রতিপক্ষ যুবদল নেতা মোবারক হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ ছাড়া, এর আগে কয়েকবার মোবারক তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জহিরের ওপর হামলা চালায়। গত বুধবার রাতে সোনারগাঁও উপজেলার নিজ ফার্মেসি থেকে বাসায় যাওয়ার পথে মোবারক ও তার সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
