সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দীর্ঘদিনের বন্ধু ও সংগীতশিল্পী আনান সিদ্দিকা।
আনান সিদ্দিকা জানান, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রুশনাফ। এক দশকের বেশি সময় ধরে নানা রোগের সঙ্গে লড়াই করলেও শারীরিক কষ্টের মধ্যেও গান গাওয়া ছাড়েননি তিনি।
বন্ধুর স্মৃতিচারণ করে আনান সিদ্দিকা বলেন, সর্বশেষ যেদিন তাঁদের কথা হয়েছিল, সেদিন রুশনাফ বলেছিলেন, ‘আমি হয়তো বেশি দিন থাকব না।’
তিনি আরও বলেন, শারীরিক কষ্টের মধ্যেও রুশনাফ গান গাইতে ভালোবাসতেন। গাইতে তাঁর কষ্ট হচ্ছে বুঝতে পারলেও গান তাঁকে মানসিক আনন্দ দিত। আনানের ভাষায়, রুশনাফ খুব ভালো মনের মানুষ ছিলেন।
ব্লান্ডারওয়্যার ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে পরিচিতি পান রুশনাফ ওয়াদুদ। পরে দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেও কাজ করেন তিনি। এই ব্যান্ডের ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গান দুটি শ্রোতাদের কাছে এখনো জনপ্রিয়। এ ছাড়া আবরার আতাহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’-এর ‘নগণ্য মানুষ’ গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি।
সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন রুশনাফ। ২০১৯ সালে মুক্তি পাওয়া প্রশংসিত অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’য় অভিনয় করেছিলেন এই শিল্পী।
তাঁর মৃত্যুতে সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
