ফ্যাসিবাদী শক্তি দেশের বাইরে বসে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তবে এ বিষয়ে সরকার ও দল সতর্ক রয়েছে বলে জানান তিনি।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, দীর্ঘদিন সমাজ অবরুদ্ধ ছিল। গত ১৭ বছর ধরে তারা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। গুম, মামলা, হামলা ও কারাবাসের মাধ্যমে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। এখন সমাজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের বাইরে বসে নানা ধরনের ষড়যন্ত্র করা হলেও তারা সজাগ ও সতর্ক রয়েছেন। গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য। তারেক রহমান নির্বাচিত প্রধানমন্ত্রী উল্লেখ করে তিনি বলেন, তাঁর নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন।
এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্যসচিব হাসিবুর রহমান অভি এবং লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
