বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু (৪৯) মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হলে রোববার (২৫ অক্টোবর) ভোরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।
এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে রোববার দুপুরে নগরের পঞ্চবটি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
দেবাশিষ প্রমাণিক দেবু ছাত্রজীবন থেকেই প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ ছাত্রমৈত্রীর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক হন।
রাজনীতির পাশাপাশি রাজশাহীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল। তাঁর আকস্মিক মৃত্যুতে রাজশাহীর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
