The Sangbad · সাধারণ
নানার বাড়ি থেকে ফেরার পথে সিএনজি উল্টে শিশুর মৃত্যু
২৩/১০/২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে নানার বাড়ি থেকে মায়ের সঙ্গে নিজ বাড়িতে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা উল্টে তানিয়া আক্তার (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় সিএনজিতে থাকা এক বিজিবি সদস্যসহ অন্তত ৪ জন আহত হয়েছেন।শুক্রবার (২৩ অক্টোবর) সকালে পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তানিয়া আক্তার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে তানিয়া তার মায়ের সঙ্গে পানছড়িতে নানার বাড়িতে বেড়াতে আসে। বেড়ানো শেষে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তবলছড়ির উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজিতে চড়ে তারা রওনা হয়। পথিমধ্যে প্রিন্সিপাড়া এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে যায়।এতে তানিয়া, তার মা, বোন এবং সিএনজিতে থাকা বিজিবি সদস্যসহ যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় অধিবাসীরা তাদের উদ্ধার করে দ্রুত পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত শিশু তানিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মূল প্রতিবেদনে যান ↗