কোনো মামলায় গ্রেপ্তার হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিদ্যমান মার্কিন ভিসা বাতিল হতে পারে বলে কঠোর সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠানো এবং পরবর্তীতে দেশটির যেকোনো ভিসার জন্য স্থায়ীভাবে অযোগ্য ঘোষণার শঙ্কার কথাও জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
শনিবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
দূতাবাসের বার্তায় বলা হয়, ‘আপনি গ্রেপ্তার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।’
এর আগে অপর এক বার্তায় যুক্তরাষ্ট্রের বহুল প্রচলিত ‘বি১/বি২’ ভিজিটর ভিসায় বৈধভাবে কী কী কার্যক্রম পরিচালনা করা যায়, তা স্পষ্ট করেছিল দূতাবাস। সেখানে বলা হয়েছিল, এই ক্যাটাগরির ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ, অবকাশ যাপন, কেনাকাটা, স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ এবং ব্যবসায়িক বৈঠক কিংবা কোনো সম্মেলন ও সভায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
তবে দূতাবাস বিশেষভাবে সতর্ক করে জানায়, ‘বি১/বি২’ ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো ধরনের চাকরি করা কিংবা পারিশ্রমিকের বিনিময়ে কোনো কাজে যুক্ত হওয়ার কোনো আইনি বৈধতা নেই।
