সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ অক্টোবরের হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি এয়ারলাইনসের যেসব যাত্রী এখনো লাগেজ পাননি, তাঁদের অনলাইনে অভিযোগ জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যাত্রীরা সৌদি এয়ারলাইনসের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে হারানো লাগেজের অভিযোগ করতে পারবেন। এ জন্য এই লিংকে(https://mybag.aero/baggage/#/pax/saudia/en-gb/main-menu) প্রবেশ করে লস্ট ব্যাগেজ ক্লেম অপশনে অভিযোগ জমা দিতে হবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অন্য এয়ারলাইনসের যাত্রীদের লাগেজসংক্রান্ত তথ্য পাওয়া গেলে তা যথাসময়ে জানানো হবে বলেও দূতাবাস জানিয়েছে।
এদিকে, সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ঢাকা–দাম্মাম রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। চলমান পরিস্থিতিতে ঢাকা–রিয়াদ রুটের ফ্লাইটও ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি যথাসময়ে জানানো হবে।
তবে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। আসন খালি থাকা সাপেক্ষে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা জেদ্দা বা মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে এবং দেশে ফিরতে পারবেন।
