নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন, পালিয়েছে কর্তৃপক্ষ
কক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভ সংলগ্ন পাটোয়ারটেক এলাকার ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৬ জনসহ মোট ৭ জনের মরদেহ উদ্ধার করা
বাংলাদেশ
প্রতিনিধিকক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভ সংলগ্ন পাটোয়ারটেক এলাকার ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৬ জনসহ মোট ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নিহতদের মধ্যে ঢাকার বনশ্রীর বাসিন্দা আশিকুলের পরিবারের ছয় সদস্য রয়েছেন। তারা হলেন, মেলিতা মেহেজাবিন আলভি, নাবিলা, মালিহা, মিলা, জেরিফ ও ফাইজান।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, ওই পরিবারের মোট ৯ সদস্য রিসোর্টে ছিলেন, যার মধ্যে বাকি তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
উখিয়া থানা পুলিশ জানিয়েছে, রিসোর্টটিতে মোট ২৭ জন পর্যটকের এন্ট্রি ছিল, যার মধ্যে ৯ জন ঘটনার সময় বাইরে ছিলেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানিয়েছেন, হতাহতরা সবাই পর্যটক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে ঘটনার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ