ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে গুদামগুলোতে থাকা প্রায় তিন হাজার মণ পাট পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, পুড়ে যাওয়া পাটের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী হিসেবে রাজু ও মাসুদের নাম জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ফলিয়া বাজারের একটি পাটের গুদামে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। এতে সাতটি পাটের গুদাম, একটি চায়ের দোকান ও দুটি কাঁচামালের দোকান পুড়ে যায়।
খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই গুদাম ও দোকানগুলোতে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়। কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
বাজারের ব্যবসায়ী কাশেম মণ্ডল জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে তাঁর দুই স্বজন রয়েছেন। তিনি বলেন, ‘রাত ৮টার দিকে স্থানীয় লোকজন একটি পাটের গুদামে আগুন দেখতে পান। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে দেখি, গুদামগুলোতে দাউদাউ করে আগুন জ্বলছে। এতে সাতটি গুদামে থাকা প্রায় তিন হাজার মণ পাট পুড়ে গেছে। এসব পাটের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।’
ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান, আগুন লাগার খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

