ঝালকাঠিতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমে আবেদনকারী ১৩৫ জনের মধ্যে ৮০ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হচ্ছে। প্রশিক্ষণের সব কার্যক্রম বিনামূল্যে পরিচালিত হবে।
জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। তিনি আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল হুদা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা খান জসীম উদ্দীনসহ অনেকে।
বক্তারা বলেন, কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবেন। এ ধরনের প্রশিক্ষণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। বিনামূল্যে এ প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
