চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ছেংগারচর পৌরসভার মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদার ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং জমি দখলের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার ও ছেংগারচর পৌর জামায়াতে ইসলামী।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মতলব উত্তর উপজেলার বড়মরাদোন এলাকার মুজাফফর সিকদার কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদারের ছোট ভাই ও পিজি হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুহুল কুদ্দুস বিপ্লব এবং ছেংগারচর পৌর জামায়াতের আমির রবিউল আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গাজিরগাছখোলা গ্রামের সৌদি আরবপ্রবাসী মামুন মোল্লার বাড়িতে যাওয়ার পথে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ তুলে ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদার ও তার পরিবারের বিরুদ্ধে মানববন্ধন করেন প্রবাসী মামুন মোল্লার স্ত্রী আঁখি আক্তার।
এ অভিযোগের প্রতিবাদ জানিয়ে ড. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদার ও তাদের পরিবারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে প্রবাসী মামুন মোল্লা ও তার স্ত্রী অন্যের জমি জোরপূর্বক দখল করে একটি বড় প্রবেশদ্বার নির্মাণ করেছেন বলে তারা অভিযোগ করেন। ওই প্রবেশদ্বারের সিংহভাগ তাদের পারিবারিক মালিকানাধীন জমিতে পড়েছে বলেও দাবি করেন তিনি।
ড. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, তাদের যাতায়াতের মানবিক দিক বিবেচনা করে আমরা আমাদের জায়গা থেকে তিন ফুট ছেড়ে বাঁশের বেড়া দিয়েছি, যাতে তাদের চলাচলে কোনো অসুবিধা না হয়। তিনি আরো বলেন, বেড়া দেওয়া স্থানটিতে তাদের পূর্বপুরুষদের পারিবারিক কবরস্থান রয়েছে। কবরস্থানের নিরাপত্তা রক্ষা করা তাদের পরিবারের সামাজিক দায়িত্ব। প্রবাসী পরিবারের ব্যক্তিগত যাতায়াতের কোনো রাস্তা ছিল না উল্লেখ করে তিনি বলেন, বাড়ি নির্মাণের আগেই যাতায়াতের পথ নিয়ে তাদের পরিবারের সঙ্গে সমঝোতা করা হলে এ বিরোধের সৃষ্টি হতো না। তিনি বলেন, তারা আমাদের কাছে আবদার করলে আমরা অবশ্যই একটি ভালো ব্যবস্থা করতাম।
এখনও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে ড. রুহুল কুদ্দুস বিপ্লব আরো অভিযোগ করেন, তাদের ৮০ বছর বয়সী বৃদ্ধা মাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করবেন বলে উল্লেখ করেন। অন্যদিকে, ছেংগারচর পৌর জামায়াতের আমির রবিউল আলম বলেন, গত ১৮ অক্টোবরের মানববন্ধনটি মূলত জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদার, তার পরিবার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং তাদের হেয়প্রতিপন্ন করার উদ্দেশে করা হয়েছে বলে তারা মনে করেন। সংবাদ সম্মেলন থেকে এ ঘটনার সুষ্ঠু প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করা হয়।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস বড়ুয়া জানান, জমি ও চলাচলের পথ নিয়ে বিরোধের বিষয়টি তারা অবগত হয়েছেন। তদন্ত সাপেক্ষে উভয় পক্ষের বক্তব্য ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল বাসেদ মাস্টার, দুদু মিয়া মোল্লা, মজিবুর রহমান, জহিরুল ইসলাম, ইব্রাহিম খলিল পাঠান, সিরাজুল ইসলাম সিকদার, আবুল কালাম পাঠান, খোরশেদ পাঠান, বাবু পাঠান, কিবরিয়া পাঠান, সোহরাব পাঠান, কামরুল পাঠান, রবিন প্রধান, নাছির পাঠান ও বাতেন মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।
বিআলো/অর্নব