শেরপুরে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে মা-হারা এক শিশুকে পরম মমতায় কোলে তুলে নেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১৮০ জন সেবাপ্রার্থী নিজেদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।
গণশুনানিতে চিকিৎসা সহায়তা, আর্থিক অসচ্ছলতা, শিক্ষা, বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, ভূমি-সংক্রান্ত সমস্যা ও বিভিন্ন নাগরিক সেবা নিয়ে আবেদন করেন সেবাপ্রার্থীরা। জেলা প্রশাসক তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এদিন কয়েকজন সেবাপ্রার্থীর সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়। পাশাপাশি ১৫১ জন হতদরিদ্র মানুষের মধ্যে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। অন্যদের প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতাসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেন জেলা প্রশাসক।
এ ছাড়া যেসব সমস্যা অন্য দপ্তরের মাধ্যমে সমাধান করা সম্ভব, সেগুলো সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের সঙ্গে আলোচনা করে দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়।
গণশুনানিতে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
