Published : 16 Oct 2026, 04:03 PM
Updated : 16 Oct 2026, 04:05 PM
ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারছিলেন না আরিয়াভির সেওয়াগ। এবার আর ভুল করলেন না তিনি। ওপেন করতে নেমে ৪৬তম ওভার পর্যন্ত খেললেন ভারতের সাবেক বিস্ফোরক ওপেনার ভিরেন্দার সেওয়াগের ছেলে। প্রতিপক্ষের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে উপহার দিলেন দেড়শ ছাড়ানো ইনিংস।
ভারতের ঘরোয়া অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্ট ভিনোদ মানকাড ট্রফিতে শুক্রবার চান্ডিগাড়ের বিপক্ষে ১৭৩ রান করেন আরিয়াভির। দিল্লির ওপেনারের ১৪৩ বলের ইনিংসটি সাজানো আটটি ছক্কা ও ১৯ চারে।
দলের ইনিংস একাই টানেন ১৮ বছর বয়সি আরিয়াভির। দলটির হয়ে আর কেউ ফিফটিও করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান আসে আরনাভ বুজ্ঞার ব্যাট থেকে।
অধিনায়ক আরিয়াভিরের নৈপুণ্যে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৯ রান করে দিল্লি।
বাবার মতোই আগ্রাসী মানসিকতা আর বাউন্ডারি মারার প্রবণতা নিয়ে ব্যাটিং করেন আরিয়াভির। গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক হয় তার। সেখানে তিন ওয়ানডের একটিতেও বড় রান করতে পারেননি তিনি।
তবে নিজের সামর্থ্যের ঝলক ঠিকই দেখান আরিয়াভির। তার ব্যাটিংয়ে গ্রেট সেওয়াগের ছাপ ছিল স্পষ্ট। রাজকোটে প্রথম ম্যাচে করেন পাঁচ বাউন্ডারিতে ২৬ বলে ২৮ রান। পরের ম্যাচে ৯টি চারে ৪৮ বলে ৪৭ রান করে আউট হয়ে যান তিনি। শেষ ম্যাচে পাঁচটি চারে ৩১ বলে করেন ৩৪।
ওই সিরিজের পর, প্রতিবার ভালো শুরু পেয়েও বড় ইনিংস খেলতে না পারার হতাশা ঝরে আরিয়াভিরের কণ্ঠে। এরপর পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে ভিনোদ মানকাড ট্রফি শুরু করেন তিনি। গুজরাটের বিপক্ষে খেলেন ৯ চারে ৫৪ রানের ইনিংস।
পরের ম্যাচে হিমাচল প্রদেশের বিপক্ষেও ভালো শুরু পান আরিয়াভির। কিন্তু একটি ছক্কা ও ছয়টি চারে ৪৭ বলে ৪৬ রান করে আউট হয়ে যান তিনি। আর গত সোমবার কার্নাটাকার বিপক্ষে পাঁচটি চারে করেন ৩২ রান।
অবশেষে চান্ডিগাড়ের বিপক্ষে নিজের সেরাটা মেলে ধরে চমৎকার এক ইনিংস খেললেন আরিয়াভির।
