মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার সংসার ভাঙছে; শোবিজ অঙ্গনে ছড়িয়ে পড়া এমন গুঞ্জন নিয়ে এবার কথা বলেছেন নির্মাতা ফারুকী। বিষয়টিকে মিথ্যা খবর ও ব্যক্তিগত আক্রমণ হিসেবে উল্লেখ করে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, এ নিয়ে তিনি বা তিশা কেউই মন্তব্য করতে চান না। বরং তাদের নতুন কাজ নিয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন এই নির্মাতা।
সংসার ভাঙনের গুঞ্জন নিয়ে জানতে চাইলে ফারুকী বলেন, “আমাকে নিয়ে তো নানা প্রোপাগান্ডা, মিথ্যা নিউজ প্রচার শুরু হয়েছে আরো আগে থেকে। এখন চলছে ব্যক্তিগত আক্রমণ। আসলে মিথ্যা নিউজে তো ঘটনা সত্য হয় না। আর এসব নিয়ে কথা বলা মানে আরো প্রশ্রয় দেওয়া। তাই এ বিষয়ে আমি বা তিশা কেউই কোনো মন্তব্য করতে চাই না। এর চেয়ে বরং নতুন কাজ করছি, আসুন নতুন কাজ নিয়ে কথা বলি।”
নতুন কাজে ব্যস্ত ফারুকী
ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চললেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারুকী। গত ১০ অক্টোবর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন তিনি। সেখানে চলচ্চিত্র নিয়ে বক্তব্য দেন। বুসানে যাওয়ার আগেই শেষ করেছিলেন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ। ১৭ অক্টোবর দেশে ফিরে শুরু করেন নতুন বিজ্ঞাপনের কাজ।
বর্তমানে তিনটি বিজ্ঞাপনচিত্র নিয়ে ব্যস্ত রয়েছেন এই নির্মাতা। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবাবিষয়ক, বাকি দুটি ভবন নির্মাণসামগ্রীর। একটি বিজ্ঞাপনের শুটিং শেষ হয়েছে। এর দৃশ্যধারণ করা হয়েছে ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায়।
নতুন সিনেমার গল্পে প্রেম ও রাজনীতি
বিজ্ঞাপনের পাশাপাশি সিনেমার চিত্রনাট্যও লিখছেন ফারুকী। একটি সিনেমার গল্প লেখা শেষ করে হাত দিয়েছেন আরেকটির চিত্রনাট্যে।
নতুন সিনেমা নিয়ে তিনি বলেন, “ফিল্মের স্ক্রিপ্ট লিখছি। একটা নতুন দিনের প্রেমের গল্প অথবা বলা যায় প্রেম আর বন্ধুত্বের বাইরে যে নো ম্যানস ল্যান্ড থাকে, সেটার গল্প। অথবা সেটাও প্রেমই। প্রেমের বর্ধিত মানচিত্রের গল্প। আপাতত নাম রেখেছি ‘টু হেল, উইথ লাভ’।”
আরেকটি চিত্রনাট্যও লেখা শেষ করেছেন বলে জানান ফারুকী। সিনেমাটির গল্পে উঠে আসবে সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা। তবে, এখনো এর নাম ঠিক হয়নি।
এ প্রসঙ্গে তিনি বলেন, “ আরেকটা স্ক্রিপ্ট লেখা আছে, সেটা আমাদের সময়ের রাজনৈতিক মানচিত্রের গল্প। এটার নাম এখনো ঠিক হয়নি। রাজনীতি বললে পলিটিক্যাল স্যাটায়ার ভাবতে পারে অনেকে, যেহেতু আমি আগেও স্যাটায়ার করেছি। এটা আসলে ভীষণ হার্ট ব্রেকিং একটা স্টোরি।”
আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে ব্যস্ত তিশা
এদিকে, তিশাও নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি।গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত একটি নাটক।
এ বিষয়ে ফারুকী জানান, নতুন একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে বৈঠকে ব্যস্ত ছিলেন তিশা।
তবে, সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি ফারুকী। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
