রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮১৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানকালে শত শত যানবাহন ডাম্পিং ও রেকার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসিপ্লিন/মিডিয়া) মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানে মামলা দায়েরের পাশাপাশি ৬৯৮টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, বিভাগভিত্তিক অভিযানের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান বিভাগে। এই বিভাগে ৫৪টি বাস, ২৫টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজি ও ২৬৬টি মোটরসাইকেলসহ মোট ৭৭০টি মামলা করা হয়।
এছাড়া মতিঝিল বিভাগে ৪২৩টি, উত্তরা বিভাগে ৪০৬টি, ওয়ারী বিভাগে ৩৯৫টি, মিরপুর বিভাগে ৩৫৭টি, তেজগাঁও বিভাগে ১৭১টি, লালবাগ বিভাগে ১৫৬টি এবং রমনা বিভাগে ১৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: ট্রাফিক আইন
১১ অক্টোবর ২০২৬
২৭ সেপ্টেম্বর ২০২৬
০৯ জুলাই ২০২৬
