মাগুরার শ্রীপুরে মদ্যপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে তাঁদের মৃত্যু হয়েছে। তবে অতিরিক্ত মদপানই মৃত্যুর কারণ কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন চিকিৎসক।
মৃত দুই যুবক হলেন শ্রীপুর উপজেলার মকদমখোলা গ্রামের আজম লস্করের ছেলে আলমগীর লস্কর (৪০) এবং শ্রীপুর ইউনিয়নের মালদা গ্রামের বিনোদ বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২৮)।
নিহতের স্বজনরা জানান, দুর্গাপূজার বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সার্বজনীন দুর্গামন্দির এলাকায় বন্ধুদের সঙ্গে অ্যালকোহলযুক্ত মদ পান করেন ওই দুই যুবক। এর কিছুক্ষণ পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন।
নিহত আলমগীরের পিতা আজব লস্কর জানান , অসুস্থ হয়ে পড়লে আলমগীর লস্করকে তাঁর বন্ধুরা বাড়িতে পৌঁছে দেন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে আজ ভোরে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, অসুস্থ বিধান বিশ্বাসকেও তাঁর স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিধান বিশ্বাসের কাকিমা সুপ্রিয়া সাহা জানান, গত বুধবার বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর বিধান অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় পরে শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে, আলমগীর লস্করকে আজ ভোর সাড়ে পাঁচটার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন বলেন, দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
শ্রীপুর থানার ওসি ওলী মিয়া বলেন, অতিরিক্ত মদপানের কারণে দুই যুবকের মৃত্যু হয়েছে। তবে, ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
