কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিকৃত ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলেও শুধু ক্ষমা চাওয়াকে যথেষ্ট মনে করছেন না তিনি।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে পরীমনিসহ দুই অভিনেত্রীর বিকৃত ভিডিও প্রকাশ করা হয়। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের পেজ হ্যাক করে ভিডিওগুলো পোস্ট করা হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশও করে প্রতিষ্ঠানটি।
তবে পরীমনির প্রশ্ন, একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমের পেজে দীর্ঘ সময় ধরে আপত্তিকর ভিডিও কীভাবে প্রকাশিত থাকল এবং তা সরিয়ে নিতে এত দেরি হলো কেন?
শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। তিনি বলেন, পেজ হ্যাক হওয়ার কথা বলেই দায় এড়ানো যায় না। প্রযুক্তি ও প্রশাসনিক ব্যবস্থা কাজে লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব ছিল কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যকারীদেরও সমালোচনা করেন পরীমনি। তাঁর মতে, অনেকে যাচাই না করেই বিষয়টি নিয়ে আলোচনা ও কটূক্তিতে জড়িয়েছেন। এমনকি অন্যের পোস্টের মন্তব্যের ঘরেও ভিডিওটির লিংক ছড়ানোর চেষ্টা করেছেন কেউ কেউ।
পরীমনি বলেন, যারা বিষয়টি এড়িয়ে যাওয়ার প্রয়োজন মনে করেছেন, তারা তা-ই করেছেন। কিন্তু কেউ কেউ ভুয়া ভিডিওকে কেন্দ্র করে অপ্রয়োজনীয় আলোচনা চালিয়ে গেছেন।
এদিকে, ফেসবুক লাইভে নানা কথা বলার পর সেটি নিজের পেজ থেকে মুছে দেন অভিনেত্রী। পরদিন সকালে একটি পোস্টে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’
পরীমনি সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘সেপারেশন’ নামের একটি ওয়েব সিনেমায় অভিনয় করেছেন। এতে তাঁর সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ।
