October 22, 2026, 10:15 pm
ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষা নিলেন ১৯ বছরের কালাম
Reporter Name
- Update Time : Thursday, October 22, 2026
- 0 Time View
খেলা ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেছে বিসিবি একাদশ। আনভির ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই ক্যারিবীয় বোলারদের পাত্তায় দেননি স্বাগতিক দলের ব্যাটাররা। ১৯ বছর বয়সী তরুণ ব্যাটার কালাম সিদ্দিকী আলিনের চমৎকার সেঞ্চুরিতে ভর করে প্রথম দিন শেষে বড় সংগ্রহ গড়েছে বিসিবি একাদশ। নির্ধারিত ৯০ ওভারের খেলা শেষে স্বাগতিক দল ৭ উইকেট হারিয়ে ৩৭১ রান সংগ্রহ করেছে।
এর আগে পেশাদার ক্রিকেটে প্রথম শ্রেণি কিংবা লিস্ট ‘এ’ ফরম্যাটে কখনোই তিন অঙ্কের দেখা পাননি কালাম। লাল বলের ক্রিকেটে মাত্র ছয়টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা এই তরুণ ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একপ্রান্তে দাঁড়িয়ে অসাধারণ এক ইনিংস খেলেন। দলের ইনিংসের মূল ভিত্তি গড়ে দিয়ে তিনি ২০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ব্যক্তিগত ১৩৫ রানের দারুণ এক ইনিংস উপহার দেন। এছাড়া মিডল অর্ডারে নেমে জিসান আলমও দুর্দান্ত ব্যাটিং করে ৮৬ রানের ইনিংস খেলেন।
ম্যাচের শুরুতে টস জিতে বিসিবি একাদশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক শামার স্প্রিঙ্গার। দুই দলের মধ্যকার সমঝোতা অনুযায়ী প্রথম দিনে পুরো ৯০ ওভারই ব্যাটিং করার সুযোগ পায় স্বাগতিকরা। ক্যারিবীয় বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে বিসিবি একাদশ দিনের পুরো সময়টা নিজেদের অনুকূলে রাখে এবং স্কোরবোর্ডে রানের পাহাড় গড়ে তোলে।
উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে এই সিরিজটি অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই হোম সিরিজের জন্য এখনো আনুষ্ঠানিক দল ঘোষণা করেনি, যা শিগগিরই প্রকাশ করা হতে পারে।
More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com


