‘কনডে নেস্ট ট্রাভেলার’ ২০২৬-এর রিডার্স চয়েস অ্যাওয়ার্ডসে বিশ্বের সেরা শহরের মুকুট অর্জন করেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। ১০০-এর মধ্যে ৯৭ দশমিক ৬৮ নম্বর পেয়ে প্যারিস, ইস্তাম্বুল ও টোকিওর মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে শহরটি। গত বছর শীর্ষ ২০-এ না থাকা ব্যাংককের এই প্রত্যাবর্তন বেশ প্রশংসনীয়। গত বছর শীর্ষস্থানে ছিল জাপানের রাজধানী টোকিও।
এই তালিকার দ্বিতীয় স্থানে আছে ফ্রান্সের প্যারিস, তৃতীয় স্থানে তুরস্কের ইস্তাম্বুল, চতুর্থ স্থানে ইতালির রোম, পঞ্চম স্থানে মাল্টার ভালেত্তা, ষষ্ঠ স্থানে চীনের সাংহাই, সপ্তম স্থানে জাপানের রাজধানী টোকিও, অষ্টম স্থানে দক্ষিণ কোরিয়ার সিউল, নবম স্থানে অস্ট্রেলিয়ার সিডনি এবং দশম স্থানে রয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডাম। স্ট্রিট ফুডের বৈচিত্র্য, প্রাচীন সোনালি মন্দির ও আধুনিক গগনচুম্বী অট্টালিকার অপূর্ব মেলবন্ধন এবং এর দারুণ জীবনযাপনই ব্যাংকককে বিশ্বজুড়ে পর্যটকদের কাছে সেরা গন্তব্যে পরিণত করেছে।
ব্যাংককের জনপ্রিয়তার রহস্য
রাস্তার পাশের সাশ্রয়ী স্ট্রিট ফুড থেকে শুরু করে মিশেলিন মানের রেস্তোরাঁ এবং অলিগলির ৭-ইলেভেন শপ—সব মিলিয়ে শহরটির সহজপ্রাপ্যতা ও অতুলনীয় বৈচিত্র্য পর্যটকদের মুগ্ধ করে। প্রাচীন সোনালি মন্দির আর আধুনিক বহুতল ভবনের অপূর্ব মিশ্রণ ব্যাংকককে অনন্য রূপ দিয়েছে। প্রচণ্ড ট্রাফিক জ্যাম ও তীব্র গরমের মধ্যেও এই শহরের বিশৃঙ্খলা আর সুবিধার চমৎকার মেলবন্ধন যেকোনো ভ্রমণকারীকে নিজের ঘরের মতো অনুভূতি দেয়।
সূত্র: কনডে নেস্ট ট্রাভেলার
