পুজোর দিনগুলিতে অনিয়ম হবেই। ঘোরাঘুরি, খাওয়াদাওয়া সব সেরেই সুস্থ থাকতে চাইলে ব্যায়াম করা খুবই জরুরি। ব্যায়াম মানেই অনেকে ভেবে নেন জিমে গিয়ে ট্রিডমিলে দৌড় অথবা ডাম্বেল তুলে ব্যায়াম। তা নয় একেবারেই। ঘরে চেয়ার নিয়েই এমন কিছু কসরত করতে পারেন, যাতে ওজন কমবে ঝটপট, শরীরও সুস্থ থাকবে। যাঁদের সুগার আছে বা রক্তে কোলেস্টেরল খুব বেশি, তাঁরা যদি এমন কসরত করতে পারেন, তা হলে শরীরও ভাল থাকবে, সুগার আচমকা বেড়ে যাওয়ার ভয়ও থাকবে না। অল্প সময়ে ক্লান্তি ব্যতিরেকে নিজেকে ফিট ও ছিপছিপে করে তুলতে চেয়ার এক্সারসাইজ়ের কোনও বিকল্প নেই।
চেয়ার নিয়ে পাঁচ ব্যায়াম
চেয়ার পিজিয়ন পোজ়
চেয়ারে পিঠ সোজা করে বসুন। দুই পায়ের পাতা মাটি স্পর্শ করে থাকবে। মাথা ও ঘাড় সোজা থাকবে। চেয়ারে হেলান না দিয়ে সোজা হয়ে বসুন। দুই হাত থাকবে কোলের উপরে।এ বারে বাঁ পা ভাঁজ করে ডান ঊরু বা হাঁটুর উপর রাখতে হবে। সামান্য ঝুঁকে বাঁ পায়ের হাঁটু ধরতে হবে। খেয়াল রাখবেন, মেরুদণ্ড যেন বেঁকে না যায়। এই ভঙ্গিতে ধীরে ধীরে শ্বাস নিতে ও ছাড়তে হবে। মনে মনে ১০ গুনে পা নামিয়ে নিতে হবে।
চেয়ার নিয়ে ব্যায়ামে দ্রুত কমবে ওজন।
সিটেড সিট আপ
মাটিতে শুয়ে যে ভাবে সিট আপ করেন ঠিক সেই ভাবেই করতে হবে এই ব্যায়াম। শুধু তা করতে হবে চেয়ারে বসে বসে। প্রথমে চেয়ারে সোজা হয়ে বসুন। দুই হাত সামনের দিকে প্রসারিত করুন। এ বার মাটি থেকে দুই পা তুলে প্রথমে বুকের কাছে নিয়ে যান। তার পর আবার মাটিতে রাখুন। এই ভাবে প্রথমে বার পাঁচেক অভ্যাস করুন। ধীরে ধীরে গতি বৃদ্ধি করতে পারেন।
চেয়ার-যোগ ব্রিদিং
চেয়ারে সোজা হয়ে পিঠ টানটান করে বসুন। খেয়াল রাখবেন, ঘাড়, পিঠ ও মাথা যেন একই সরলরেখায় থাকে।দুই হাতের আঙুলগুলি একত্র করে কোলের উপর রাখতে পারেন, অথবা হাঁটুর উপরে দুই হাত জ্ঞান মুদ্রায় রাখতে পারেন। চোখ বন্ধ করে মন স্থির করতে হবে। একাগ্র চিত্তে দুই ভ্রুর মাঝখানে মন নিবদ্ধ করুন। এ বারে গভীর ভাবে শ্বাস টানুন। তা ধরে রাখুন অন্তত ১০ সেকেন্ড।এর পর ২০ সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে।
সিটেট লেগ রেজ়
চেয়ারে সোজা হয়ে বসুন। একটি পা সামনের দিকে প্রসারিত করে দিন। মেঝে থেকে অন্তত ৪-৬ ইঞ্চি পা তুলে রাখতে হবে। হাঁটু সোজা রেখে এই অবস্থায় ১০ সেকেন্ড থাকুন। ধীরে ধীরে পা নীচে নামিয়ে নিন। প্রতি পায়ে ১০ বার করে করতে হবে।
সিট-টু-স্ট্যান্ড
চেয়ারে পিঠ সোজা করে বসুন। হেলান দেবেন না। দুই হাত বুকের উপর জড়ো করে রাখুন অথবা বাঁ হাত ডান কাঁধের উপরে ও ডান হাত বাঁ কাঁধের উপরে রাখুন। এই ভঙ্গিতে চেয়ার ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ান। হাতল ধরার চেষ্টা করবেন না। ১ সেকেন্ড দাঁড়িয়ে থেকে আবার ধীরে ধীরে চেয়ারে বসুন। দুই হাত একই ভঙ্গিতে থাকবে। কোনও কিছু অবলম্বন না করেই ১০-১৫ বার চেয়ারে ওঠা-বসা করতে হবে। এই ব্যায়ামে শরীরের ভারসাম্য বাড়বে, ওজন কমবে, বাতের ব্যথা নির্মূল হবে।
