লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারত থেকে আসা একটি বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন। আহতদের প্রথমে হাতীবান্ধা হাসপাতালে নেয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), মরহুম মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) ও নজরুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, শরিফা বেগম ধানক্ষেতে ছাগল খুঁজতে গিয়ে সেটিকে ঘাস খেতে দেখেন। ছাগলটির কাছে যাওয়ার সময় বাঘটি তার ওপর হামলা চালায়। এ ঘটনায় বাকি দু’জনও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যান।
হাতীবান্ধা হাসপাতালের উপ-মেডিক্যাল কমিউনিটি অফিসার মামুন রহমান জানান, বাঘের আক্রমণে আহত তিনজন হাসপাতালে এসেছিলেন। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বিরুল হক মনা জানান, বাঘের হামলায় তিনজন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে। বন বিভাগের লোকজন ঘটনাস্থলে আছেন বলেও তিনি জানান।
১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, হাতীবান্ধা উপজেলার বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল সীমান্ত দিয়ে বিকেল ৪টার দিকে ভারতের অভ্যন্তর থেকে বাঘটি বাংলাদেশে প্রবেশ করে। খবর পাওয়ার পর জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে। ১৫ বিজিবির অধিনায়কসহ টহল দল ঘটনাস্থলে রয়েছে।
এদিকে বাঘটির অবস্থান এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
উল্লেখ্য, এর আগে ভারতের বিভিন্ন গণমাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারির জন্য বাঘ, কুমির ও বিষধর সাপ ছাড়ার বিষয়ে খবর প্রকাশিত হয়েছিল। তবে বর্তমান ঘটনার সাথে এর কোনো যোগসূত্র রয়েছে কি-না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
