পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মাল্টিমিডিয়া সাংবাদিকদের প্রায়ই দীর্ঘ সময় মাঠে থাকতে হয়। ব্যস্ততার কারণে অনেক সময় তারা নিজেদের স্বাস্থ্যের প্রতিও যথাযথ যত্ন নিতে পারেন না। সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবার অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।
আজ শনিবার বিকেল ৪টায় রাজধানীর কাকরাইলে অরোরা স্পেশালাইজড হাসপাতালের বোর্ডরুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় এমআরএর সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা অরোরা স্পেশালাইজড হাসপাতালে বিভিন্ন চিকিৎসাসেবা, পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমআরএর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, অর্থ সম্পাদক অন্তু মুজাহিদ ও ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক নাজমুল হক।
অন্যদিকে, অরোরা স্পেশালাইজড হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম রাকিব, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. জাহিদুল ইসলাম, অপারেশন ম্যানেজার মো. মাইন উদ্দিন আকাশ, মার্কেটিং ইনচার্জ মো. মিরাজুল ইসলাম মিরাজ এবং করপোরেট মার্কেটিং এক্সিকিউটিভ মো. আব্দুল্লাহ আল মামুন ও মেহেদি হাসান হিমেল।
অনুষ্ঠানে অরোরা স্পেশালাইজড হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম রাকিব বলেন, ‘অরোরা স্পেশালাইজড হাসপাতাল অভিজ্ঞ ও খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল। ১৫০ শয্যাবিশিষ্ট ১৯ তলা ভবনে পরিচালিত এ হাসপাতালে আইএসও সনদপ্রাপ্ত উন্নত ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি সুবিধার পাশাপাশি রয়েছে থ্রি-টেসলা এমআরআই, সিটি স্ক্যান, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ ও ডায়ালাইসিসসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা। মানসম্মত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
এমআরএর সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘পেশাগত কারণে সাংবাদিকেরা নিজেদের স্বাস্থ্যের বিষয়ে অনেক সময় অসচেতন থাকেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই নিজের শরীরের যত্ন নেওয়ার সময় পান না। তাই মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এমআরএ অরোরা হাসপাতালের সঙ্গে এ সমঝোতা চুক্তি করেছে।’
উভয় পক্ষ আশা প্রকাশ করে, এ চুক্তির মাধ্যমে এমআরএর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়বে। পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কর্মসূচি আয়োজন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারেও এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
