ফেনীতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। রোববার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
দীর্ঘদিন পর প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন মালিকেরা।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের আবেদন করেছিলেন ভুক্তভোগীরা। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের কার্যালয়ের সাইবার সেল ইউনিট আধুনিক তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল ইন্টেলিজেন্স ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে।
উদ্ধার করা ফোনগুলো হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মালিকেরা। তাঁরা জানান, মোবাইল ফোন হারানোর পর সেটি আর ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। তবে ফেনী জেলা পুলিশের সাইবার সেল ও পুলিশ সুপারের আন্তরিক প্রচেষ্টায় তাঁরা নিজেদের মূল্যবান ফোন ফিরে পেয়েছেন। এ জন্য জেলা পুলিশ ও পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএ
