রবিবার ভরসন্ধ্যায় মুম্বইয়ের পুষ্পা পার্কের কাছে অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে হামলা। তাঁর গাড়ি লক্ষ্য করে কমপক্ষে ৫ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। ঘটনার পর প্রকাশ্যে আহত অভিনেতার প্রথম ছবি। কাঁধ ও বুকে একাধিক ড্রেসিং আর ডান হাতে ব্যান্ডেজ। চোখে মুখে ক্লান্তির ছাপ, এলোমেলো চুল! মায়ানগরীতেও যখন উৎসবের আমেজ সেই সময়ই টাইগারের জীবনের উপর দিয়ে বয়ে গেল বিরাট ঝড়!
রবিবার গভীর রাতে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাড়িতে যান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সেই সময় টাইগারের মা আয়েশা শ্রফও সেখানে উপস্থিত ছিলেন। মুম্বইয়ের জুহু এলাকায় এই গুলিচালনার ঘটনার কয়েক ঘণ্টা পরেই শিন্ডে অভিনেতার বাড়িতে যান। পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছিল বলেই সূত্রের খবর। বরাত জোরে প্রাণে বেঁচেছেন টাইগার। তবে তাঁর গাড়িচালক-সহ দু’জন আহত হয়েছেন। গুলিবৃষ্টির ঘটনায় কড়া বার্তা একনাথ শিন্ডের।
স্পষ্ট জানিয়েছেন, কাউকে ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে নিজের আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। তাঁর কথায়, “মুম্বইয়ে কারও দাদাগিরি চলবে না।” এই ধরনের ‘দাদাগিরি’ বন্ধ করতে সরকার কঠোর পদক্ষেপ করবে বলেও জানিয়েছেন। অভিনেতার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটি নিঃসন্দেহে একটি বড় ঘটনা। পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছিল। তবে সৌভাগ্যবশত, তিনি প্রাণে বেঁচেছেন। তাঁর গাড়িচালক আহত হয়েছেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।”
শিন্ডে আরও জানান, গুলিচালনার সময় ভাঙা কাচের টুকরোয় টাইগারের হাতে আঘাত লাগে। এই মর্মে শিন্ডের সংযোজন,”আমি অভিনেতার সঙ্গে দেখা করেছি। বারুদ এবং কাচের টুকরোর কারণে তাঁর বাঁ হাতে আঘাত লেগেছে। তিনি এবং তাঁর মা দু’জনেই এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত।” তাঁর কথায়, “জনপ্রিয় ব্যক্তিত্বদের প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। আমি তাঁদের আশ্বাস দিয়েছি যে, এই পরিস্থিতিতে রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে। কোনও ধরনের হুমকিই বরদাস্ত করা হবে না।”
#WATCH | Mumbai | Firing incident involving actor Tiger Shroff | Maharashtra Dy CM Eknath Shinde says, “This is a major incident… five rounds were fired, but fortunately, he was safe. His driver sustained injuries, and the incident is condemnable. I met with the actor; he has injuries on his left hand caused by gunpowder and shards of glass. Both he and his mother are quite shaken… I have assured them that the state government stands with them in the face of the open threats being directed at public figures… No form of threat will be tolerated. Such gang wars were quite common in the 90s, but the Mumbai Police put an end to them in 1995… These attempts to intimidate people will not be tolerated, and we will put an end to this hooliganism…”
— ANI (@ANI) October 18, 2026
আরও বলেন, “নয়ের দশকে এই ধরনের গ্যাংদের আধিপত্য ছিল। কিন্তু ১৯৯৫ সালে মুম্বই পুলিশ সেগুলি বন্ধ করে দিয়েছিল।” জুহু থানার আওতাধীন এলাকায় এই গুলিচালনার ঘটনা ঘটে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে পুলিশ।
