যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা চালালেও ইরানের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (২৫ অক্টোবর) তেহরানে টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর সিবিএস নিউজের।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই আরাগচি এ বক্তব্য করলেন। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আরেকটি ছোট্ট এপিক ফিউরি অভিযান চালাতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের নাম ছিল ‘এপিক ফিউরি’।
আরাগচি বলেন, ‘সম্প্রতি নতুন করে যুদ্ধ শুরুর বিষয়ে আলোচনা হচ্ছে। কিন্তু আমি ইতোমধ্যে যুদ্ধ-পরবর্তী সময় নিয়ে ভাবছি। যুদ্ধ হোক বা না হোক, আমাদের নীতি একই থাকবে।’
তিনি আরও বলেন, ‘তারা ইতোমধ্যে দুইবার এমনটা করেছে এবং এর ফলও দেখেছে। আবার চেষ্টা করতে চাইলে তারা জানে, আগেরবারের চেয়ে ভিন্ন কোনো ফল তারা পাবে না।’
এদিকে ইরানের সঙ্গে অন্তর্বর্তী চুক্তি সম্পাদনের আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে আলোচনা আবার শুরু করে চুক্তি চূড়ান্ত করার পক্ষে মত দিয়েছেন তিনি।
রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে সম্প্রচারিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, আমরা যখন আলোচনা করছিলাম, তখন কাপুরুষ আমেরিকানরা সবকিছু ভেস্তে দিয়েছে। তবু আমি মনে করি, আমাদের আবার এগিয়ে গিয়ে চুক্তিটি সম্পন্ন করা উচিত।
সূত্র : সিবিএস নিউজ
