গবেষক ও কৃষকদের মধ্যে সেতুবন্ধন তৈরির প্রত্যাশা
সংবাদ বিজ্ঞপ্তি · ১৪ অক্টোবর, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগে ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর উদ্বোধন করা হয়েছে। ১৪ অক্টোবর বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার।
উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ আসাদ-উদ-দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী এবং কৃষি অনুষদের ডিন মোঃ শহীদুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন উপ-প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার ও বিভাগের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের একটি উপ-প্রকল্পের আওতায় এই ক্লিনিক স্থাপন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, কৃষিনির্ভর এ দেশের খাদ্যনিরাপত্তা অনেকাংশেই নির্ভর করে ফসল কতটা সুস্থ ও রোগমুক্ত থাকে তার ওপর। সময়মতো সঠিক রোগ শনাক্ত করা গেলে এবং কৃষক সঠিক পরামর্শ পেলে ফসলের ক্ষতির একটি বড় অংশ রোধ করা সম্ভব। এই ক্লিনিকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষক ও মাঠপর্যায়ের কৃষকদের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হবে। ফলে পরিবেশবান্ধব উপায়ে পোকা ও রোগ প্রতিরোধের মাধ্যমে ফসলের ক্ষতি রোধ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, এই ক্লিনিক শুধু সেবাকেন্দ্র নয়, এর মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে আধুনিক প্রযুক্তি নির্ভর গবেষণার সুযোগ পাবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক, দপ্তর প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
