রুহিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কুজিশহর গ্রামে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গত রোববার রাতে এ ঘটনায় একপক্ষ থানায় মামলা দায়ের করলে বদিউজ্জামান ও বেলাল নামে দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশের বিরুদ্ধে টাকার বিনিময়ে দুই ব্যক্তিকে আটকের অভিযোগ তুলে থানাও ঘেরাও করে গ্রামবাসী। গ্রেপ্তারকৃতরা ঘুরনগাছ এলাকার মৃত সফির উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে জমি নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় প্রায় ২০ দিন পর একপক্ষ মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে থানার সামনে সমবেত হয়। সোমবার পুলিশ তাদের আদালতে চালান দেওয়ার জন্য বের করলে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় মুক্তির দাবি জানান। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। অন্যদিকে, পুলিশের দাবি মারামারির মামলার ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর সময় স্থানীয়রা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন।