গাজীপুরে বিল থেকে স্কুল ড্রেস পরা অজ্ঞাত এক কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার গাজীপুরের জয়দেবপুর থানাধীন বাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় কয়ের নাসরারটেক বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত কিশোরীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরনে স্কুল ড্রেস ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জয়দেবপুর থানার আমতলী ফাঁড়ির কর্মকর্তা লুৎফুল কবির বলেন, ‘অজ্ঞাত এক মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তসহ অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
