চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আলিনগর এলাকায় গুলিতে তারেক হোসেন বাপ্পি নামে এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তাফসির আলম শাওন নামের এক যুবক। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
বাপ্পি সীতাকুণ্ড উপজেলার মধ্যম বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহদাবাদ মিয়াজিপাড়া এলাকার বাসিন্দা মৃত আলি আহমদের ছেলে। স্থানীয়ভাবে বাপ্পি যুবদল কর্মী হিসেবে পরিচিত। আহত তাফসির আলম শাওন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আলি নগর এলাকার বাসিন্দা ইউসুফের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, বাড়বকুণ্ডের অলি নগরে সাদ্দাম নামের এক ব্যক্তির অফিসের সামনে স্থানীয় দুর্বৃত্তদের হামলায় বাপ্পি ও শাওন গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। আহত শাওন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয়রা জানায়, ওই এলাকায় কয়েকদিন ধরে বালির ব্যবসা নিয়ে বিরোধ চলছিল।
সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, বাড়বকুণ্ডে গুলিতে এক যুবক নিহত ও অন্যজন আহত হয়েছেন। অন্তঃকোন্দলের কারণে হত্যাকাণ্ড বলে শুনেছি। ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক দুটোই হতে পারে। পুলিশ তদন্ত এবং গ্রেপ্তার অভিযান একসঙ্গে চালাচ্ছে।
