বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, দেশীয় সংস্কৃতি চর্চা ও প্রবাসী কল্যাণে নিবেদিত সংগঠন 'বাংলাদেশ প্রেস ক্লাব (বিপিসি) ইউএই'-এর নবগঠিত কমিটির অভিষেক, 'বিপিসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড' প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দুবাই প্রেস ক্লাবের আজীবন সদস্য মামুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল শাহীন ও সাংগঠনিক সম্পাদক এস এম শাফায়েতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আমিরাতে অবস্থানরত বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক ও বিপুলসংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন।
মোহাম্মদ ইছমাইলের পবিত্র কোরআন তিলাওয়াত ও দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে নবগঠিত কমিটির সদস্যবৃন্দের শপথ পাঠ পরিচালনা করেন প্রেস ক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, ইউএই বিএনপি’র যুগ্ম আহবায়ক জনাব আব্দুল ছালাম তালুকদার।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট কবি জনাব হাসান হাফিজ। তিনি প্রবাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা বজায় রাখা এবং দেশীয় সংস্কৃতি ও প্রবাসীদের কল্যাণে কাজ করার জন্য সংগঠনের দায়িত্বশীলদের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুবাই পুলিশের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের প্রধান ওমর আফলাতুন। তিনি আমিরাতের প্রচলিত আইন, বিশেষ করে সাইবার ক্রাইম ও সাইবার আইন সম্পর্কে উপস্থিত সবাইকে বিস্তারিত সচেতনতামূলক দিকনির্দেশনা দেন। বর্তমান প্রেক্ষাপট ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি প্রবাসী কমিউনিটির মধ্যে দৃঢ় ঐক্যের ওপর জোর দেন। দুবাই পুলিশের পক্ষ থেকে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় সে বিষয়ে আলোকপাত করার পাশাপাশি নিয়মিত এ ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আয়োজনের পরামর্শ দেন তিনি। সুন্দর এই আয়োজনের জন্য প্রেস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে তিনি জানান, প্রবাসীরা যেকোনো সমস্যায় সরাসরি পুলিশের শরণাপন্ন হতে না পারলে প্রেস ক্লাবের মাধ্যমেও তথ্য ও সংবাদ আদান-প্রদান করতে পারেন এবং তাঁদের সমস্যা তুলে ধরতে পারেন।
অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপনী বক্তব্যে সভাপতি মামুনুর রশীদ দূর-দূরান্ত থেকে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসার কারণেই আজমান, ফুজাইরা, আবুধাবি, রাস আল খাইমাহ ও আল আইনসহ বিভিন্ন প্রান্ত থেকে এসে এই আয়োজনকে সবাই প্রাণবন্ত করে তুলেছেন।" একটি বড় আয়োজনে ভুলত্রুটি থাকতে পারে উল্লেখ করে তিনি এর দায়িত্ব নিজের কাঁধে নেন এবং শতভাগ সফলতা উপস্থিত সবাইকে উৎসর্গ করেন। একইসাথে ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের কাদা ছোড়াছুড়ি থেকে বিরত থেকে পারস্পরিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমরা কারো সাথে কোনো বিবাদে জড়াতে চাই না, নিজস্ব গতি ও নির্দিষ্ট লক্ষ্য নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব।"
এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি এস এম মোদাসসের শাহ। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথি ও কমিউনিটি নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সবশেষে সভাপতি মামুনুর রশীদ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করেন।
আমিরাতে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন গুণী ব্যক্তিত্ব ও সফল উদ্যোক্তাদের হাতে 'বিপিসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড' তুলে দেওয়া হয়। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, ইঞ্জিনিয়ারিং ও মেটাল ইন্ডাস্ট্রি, বিজনেসম্যান সার্ভিসেস, স্টিল ফ্যাব্রিকেশন, এগ্রো ও রেমিট্যান্স, রিয়েল এস্টেট, সিআইপি সম্মাননা, শিক্ষা ও গবেষণা, প্রবাসীদের অধিকার আদায় ও সমাজসেবা, ফ্যাশন ইন্ডাস্ট্রি, আইনি সহায়তা এবং অটোমোবাইলসহ বিভিন্ন খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আমিরাতের পরিচিত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী লুৎফুর রশীদ রাসেল ও সামিদা চৌধুরী পপি সঙ্গীত পরিবেশন করেন। পাশাপাশি গান পরিবেশন করেন প্রেস ক্লাবের সহ-সম্পাদক ইস্তিয়াক আসিফ ও সাংস্কৃতিক সম্পাদক সায়েম মোহাম্মদ। তাঁদের সুরের মূর্ছনায় মন্ত্রমুগ্ধ হন আমন্ত্রিত দর্শকেরা। সংগীত পরিবেশন শেষে আমন্ত্রিত শিল্পীদের হাতে ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বিআলো/আর আই