কালবেলা · সাধারণ
ওমরাহ পালনে সৌদি গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার যুবক নিহত
১২/১০/২০২৬

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন বাংলাদেশের তরুণ আলেম মাওলানা নাসরুল্লাহ বদর।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) দুপুরে সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হুথিদের ধারাবাহিক হামলার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন। বিমানবন্দর থেকে বের হওয়ার মুহূর্তে হামলার শিকার হন তিনি।
নিহত মাওলানা নাসরুল্লাহ বদর ঢাকার কামরাঙ্গীরচরের জামিয়া রবিউল উলুম মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন।
তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামে।স্থানীয়ভাবে তার বাড়িটি ‘ওলামা বাড়ি’ নামে পরিচিত। তার বাবা হাফেজ মোহাম্মদ উল্লাহ ইসলামিয়া আরাবিয়া ফয়জুল উলুম সিংগরিয়া মাদ্রাসার মুহতামিম। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তার বড় সন্তানের বয়স ৭ বছর এবং ছোট সন্তানের বয়স ২ বছর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শেষ পোস্টগুলো থেকে জানা যায়, শনিবার সকালে তিনি ঢাকা থেকে রিয়াদগামী বিমানে ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হন। বিমানে ইহরাম পরিহিত অবস্থায়একটি ছবি শেয়ার করে অনুভূতি প্রকাশ করেন। রিয়াদ বিমানবন্দরে নিরাপদে পৌঁছে ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে সবার কাছে দোয়াও চেয়েছিলেন।
এদিকে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের হামলায় ১৩ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন বাংলাদেশি রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কিং খালিদ বিমানবন্দরের পাশাপাশি দাম্মামের কিংফাহাদ বিমানবন্দরের কাছেও প্রজেক্টাইল আঘাত হেনেছে বলে জানানো হয়েছে।
মাওলানা নাসরুল্লাহ বদরের মর্মান্তিক মৃত্যুতে তার গ্রামের বাড়ি নাঙ্গলকোট এবং কর্মস্থল কামরাঙ্গীরচর মাদ্রাসায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মূল প্রতিবেদনে যান ↗