ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি আয়োজনের জন্য নতুন তিনটি স্থান নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। নতুন স্থানগুলো হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান। একই সঙ্গে এত দিন বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত জন্তর মন্তরকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার এ বিষয়ে আদেশ জারি করেছেন। ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
আদেশে বলা হয়েছে, কমিটির সুপারিশ অনুযায়ী জন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে রামলীলা ময়দান, বুরারি ময়দান ও পূর্ব দিল্লির সিবিডি ময়দানকে বিক্ষোভ ও সমাবেশ আয়োজনের নতুন স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। নতুন স্থানগুলোতে কর্মসূচি পালনের জন্য পৃথক নির্দেশিকা বা মানসম্মত পরিচালনাপদ্ধতি (এসওপি) পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ভোটার তালিকা সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্কের জেরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির কেন্দ্রীয় এলাকায় বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং তরুণদের ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভের মধ্যে এ সিদ্ধান্ত এল।
বিরোধীরা এ ঘোষণাকে গণতান্ত্রিক প্রতিবাদ দমনের উদ্যোগ হিসেবে সমালোচনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন।
তবে জন্তর মন্তরের আশপাশে যানজট কমার সম্ভাবনাও রয়েছে। এলাকাটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনের কাছাকাছি হওয়ায় সেখানে বিক্ষোভের কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে থাকে। নতুন স্থান নির্ধারণের ফলে ওই এলাকার যান চলাচল পরিস্থিতির উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে।
