ভারতে চলমান তরুণ প্রজন্মের আন্দোলন বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রগতিশীল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। তার মতে, বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার যে আন্দোলন শুরু হয়েছিল, ভারতে চলমান বিক্ষোভের লক্ষ্যও একই।
প্রগতিশীল ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ সম্মেলন উপলক্ষে শুভেচ্ছা ও সংহতি বার্তা দিয়েছেন নেহা বোরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সংগঠনটির ফেসবুক পেজে তার ভিডিও বার্তাটি প্রকাশ করা হয়।
ভিডিও বার্তায় নেহা বোরা বলেন, ‘ভারতজুড়ে এখন যে জেন-জি আন্দোলন চলছে, তা মূলত শুরু হয়েছে বাংলাদেশকে দেখে। আমাদের পথ দেখানোর জন্য এবং ভারতের তরুণ সমাজের প্রতি সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’
তিনি আরো বলেন, ‘আমরা জানি, বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল, তা ছিল গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই। বর্তমানে ভারতে যে বিক্ষোভ চলছে, তার উদ্দেশ্যও একই।’
বাংলাদেশের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে নেহা বোরা বলেন, ‘আমরা আপনাদের প্রতি সংহতি প্রকাশ করছি। আপনাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি এবং আপনাদের আন্দোলন থেকে শিখতে পেরেছি। আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারব।’
সূত্র: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ফেসবুক পেজ
এসি/আপ্র/১৪/১০/২০২৬
