মতলব উত্তর (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার আবুল হাসেমের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আলেম-ওলামারা।
রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে মতলব উত্তর থানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শতাধিক আলেম-ওলামা অংশ নেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি ছেংগারচর পৌরসভা মাঠে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বদরপুর দারুল আরকাম মাদ্রাসার সুপার আমির হামজা জালালী, মান্দারতলী মসজিদের ইমাম গাজী আলামিন, কালিপুর মসজিদের ইমাম মোস্তফা কামালসহ কয়েকজন আলেম-ওলামা। বক্তারা মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার ৩ নম্বর সাদুল্লাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর উত্তরপাড়া বেপারী বাড়ি মসজিদসংলগ্ন এলাকায় আবুল হাসেম (৫০) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন তাঁকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় জামালপুর গ্রামের আল আমিন নামে এক ব্যক্তি বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা করেন। মামলাটি ১০ অক্টোবর ২০২৬ তারিখে ২১ নম্বর হিসেবে নথিভুক্ত করা হয়। পুলিশ জানায়, পেনাল কোডের ২৯৬ ও ২৯৮ ধারা এবং সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৬(১) ধারায় মামলা রুজু করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ফম/এমএমএ/
