কালবেলা · দেশ
দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ ৪ নভেম্বর পর্যন্ত বাড়ল
২৫/১০/২০২৬

ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি এ তথ্য জানিয়েছে। এর আগে, দাম্মাম রুটে ২৬ অক্টোবর পর্যন্ত ও রিয়াদে ৩১ অক্টোবর পর্যন্ত এই স্থগিতাদেশ ছিল।
বিমান বাংলাদেশের বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। এসব বিমানবন্দর দিয়ে সৌদি আরবে যাওয়া এবং বাংলাদেশে ফিরে আসা যাবে।
এতে আরও বলা হয়, যাত্রীদের চাহিদা বিবেচনায় ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান। এ কার্যক্রম ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এদিকে ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, স্থগিত থাকা ফ্লাইটগুলোর বিষয়ে পরের সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এর আগে, ১০ অক্টোবর রাতে হুতিদের হামলার জেরে ১১ অক্টোবর থেকে ঢাকা থেকে ফ্লাইট বাতিল বা স্থগিত হতে শুরু করে। এ নিয়ে এখন পর্যন্ত তিন দফায় ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট স্থগিত করে বিমান।
মূল প্রতিবেদনে যান ↗