ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার নরওয়েতে পৌঁছেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং নর্ডিক অঞ্চলের নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। ইউক্রেনের চলমান যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার এবং দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এসব আলোচনার অন্যতম প্রধান বিষয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি জানান, মার্কিন বিশেষ দূত উইটকফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব এবং নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এ ছাড়া চার পক্ষের অংশগ্রহণে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথাও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
নরওয়ে সফরে দেশটির রাজা হ্যারাল্ডের সঙ্গে সাক্ষাৎ এবং পার্লামেন্টে বৈঠক করারও কথা রয়েছে জেলেনস্কির।
তিনি বলেন, ‘শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে পারে, এমন সব যোগাযোগ আমরা বজায় রাখছি। পাশাপাশি আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং যৌথ উৎপাদন নিয়েও আলোচনা করব।’
ইউক্রেনের পাশে থাকা এবং মর্যাদাপূর্ণ শান্তির পথে সমর্থন দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এর আগে মঙ্গলবার নরওয়ে সরকার জেলেনস্কির সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও নরওয়ের প্রধানমন্ত্রীর মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
