- ২৩ অক্টোবর, ২০২৬ ১৪:০২
উত্তরপ্রদেশ, ২৩ অক্টোবর: ভয়াবহ দুর্ঘটনা। উত্তরপ্রদেশের আমেঠিতে লখনউ-সুলতানপুর হাইওয়েতে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। গতকাল গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রের খবর।
জানা গিয়েছে, আমেঠির ভালে সুলতান শহিদ স্মারক থানা এলাকার কদুনালার কাছে হাইওয়ের উপর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। একটি গাড়ি মোটরসাইকেলে ধাক্কা মারে বলে অভিযোগ। সজোরে ধাক্কার জেরে ছিটকে গিয়ে পড়ে মোটোরসাইকেলে থাকা দুই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। মৃতদের নাম রোহিত সরোজ (২৫) এবং ব্রিজেশ সরোজ (২২)। বারাবাঁকি জেলার বাসিন্দা ছিলেন দুইজন। এরপর দুর্ঘটনার কথা শুনে ঘটনাস্থলে জড়ো হয়ে যান স্থানীয়রা। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। এরপর মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের তরফে। এই দুর্ঘটনার ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
