Published : 18 Oct 2026, 06:41 PM
Updated : 18 Oct 2026, 06:41 PM
তৃতীয় উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমে শুরুতে ধীরে এগোলেন সালমান আলি আগা। পরে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুললেন তিনি। দারুণ দৃঢ়তায় খেললেন তিন অঙ্ক ছোঁয়া ইনিংস, দলকে এনে দিলেন বড় সংগ্রহ।
রাওয়ালপিন্ডিতে রোববার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৭ রান করেছেন আঘা। তার ইনিংসের সৌজন্যে তিনশ ছাড়ানো সংগ্রহ গড়েছে পাকিস্তান।
বাবর আজমের বিদায়ের পর ব্যাট হাতে নামেন সালমান। এক ওভার পর সাদ বেগও ফিরে গেলে পাকিস্তানের স্কোর হয় ২২ ওভারে ১২০/৪। সেখান থেকে শুরুতে বেশ ধীরে খেলেন সালমান। একসময় ১৩ বলে তার রান ছিল ৭।
এরপর কামিন্দু মেন্ডিসের পরপর দুই বলে চার মারেন তিনি। দেখেশুনে খেলে ৪৮ বলে পঞ্চাশ স্পর্শ করেন সালমান। পরে গতি কিছুটা বাড়িয়ে ৩৪ বলে পরের পঞ্চাশ রান করেন তিনি।
৪৫তম ওভারে আসিথা ফার্নান্দোর পরপর দুই বলে বাউন্ডারি হাঁকিয়ে ৮২ বলে সেঞ্চুরিতে পা রাখেন সালমান।
এই সংস্করণে এটা তার চতুর্থ সেঞ্চুরি, এর দুটি শ্রীলঙ্কার বিপক্ষে। গত বছর নভেম্বরে রাওয়ালপিন্ডিতেই লঙ্কানদের বিপক্ষে প্রথম তিন অঙ্কের স্বাদ পেয়েছিলেন তিনি।
এক বছরের মধ্যে ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি করলেন আঘা; গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ১০৬ রান করেন তিনি।
এবার সেঞ্চুরি ছোঁয়ার এক ওভার পরে আসিথার বলে ক্যাচ দিয়ে বিদায় নেন আঘা। ৯০ বলে একটি ছক্কা ১০টি চারে ১০৭ রান করেন তিনি।
এক বল বাকি থাকতে ৩০৫ রান তুলে অলআউট হয়ে যায় পাকিস্তান।
